সালথায় ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি: মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আনন্দ মিছিল

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১১:৩৭ এএম
শেয়ার করুন:
সালথায় ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি: মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আনন্দ মিছিল

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছর পর নতুন কমিটি গঠিত হওয়ায় সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শুরুর আগে নবগঠিত কমিটির নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফ।

সমাবেশে বক্তারা বলেন, যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সংগঠনটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর সালথা উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. হাসান আশরাফকে আহ্বায়ক, কামরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. এনায়েত হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। নতুন এই কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা।

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নবগঠিত কমিটির সদস্যসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে নবগঠিত কমিটির নেতারা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।