মাগুরায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২২ অক্টোবর, ২০২৬ ১১:২২ এএম
শেয়ার করুন:
মাগুরায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বিজয়া দশমী ও অশ্রুসজল নয়নে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মাগুরায় সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী আনন্দ-উৎসব ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা মর্ত্যলোক থেকে বিদায় জানালেন দেবী দুর্গাকে।

বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় দেবীবরণ, অঞ্জলি প্রদান ও বিশেষ প্রার্থনা। এরপর সনাতন নারীরা মেতে ওঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়; একে অপরকে সিঁদুর পরিয়ে জানান শুভ বিজয়ার শুভেচ্ছা। সবশেষে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও শোভাযাত্রা সহকারে স্থানীয় নদ-নদীতে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, মাগুরার চার উপজেলায় এ বছর মোট ৬৮৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ২৩৯টি, শালিখায় ১৬১টি, শ্রীপুরে ১৫৮টি এবং মহম্মদপুর উপজেলায় ১২৮টি মণ্ডপ ছিল। পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপেই ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। 

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শারদোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এরপর মহাসপ্তমীতে নবপত্রিকা স্নান ও স্থাপন, মহাষ্টমীতে অঞ্জলি ও সন্ধিপূজা এবং মহানবমীতে বিশেষ পূজা ও হোম-যজ্ঞ অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে যবনিকা ঘটল এই মহোৎসবের।

শাস্ত্রীয় পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গার আগমন ঘটেছিল ঘোটকে (ঘোড়ায়) এবং প্রস্থান নৌকায়। 

বিজয়া দশমী মূলত অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। দেবীর বিদায়ের ক্ষণে ভক্তদের মনে যেমন বিষাদের সুর বেজে উঠেছে, তেমনি অন্তরে রয়েছে আগামী শরতে দেবীর পুনরাগমন ও বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও মঙ্গল প্রতিষ্ঠার ব্যাকুল প্রার্থনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।