দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

অনলাইন ডেস্কঃ
২২ অক্টোবর, ২০২৬ ১:৩৬ পিএম
শেয়ার করুন:
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীকে মাত্র দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) সকালে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউএনও তানজিলা তাসনিম রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, “সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে উত্তরাঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।” বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপনের জন্য তিনি মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

এ ছাড়া রাজারহাটে নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভিজিএফের চাল বস্তাবন্দী করার সরকারি উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারি চাকরিজীবীদের স্বার্থে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। 

বক্তব্যে বিভিন্ন দাবি ও সরকারি কর্মকাণ্ডের প্রশংসা তুলে ধরা হলেও, মাত্র ৯০ সেকেন্ডের বক্তব্যে মন্ত্রীকে একটানা ২৫ বার ‘স্যার’ বলার বিষয়টিই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

উল্লেখ্য, তানজিলা তাসনিম এর আগেও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় এসেছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারে ইউএনও হিসেবে কর্মরত থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে, যা নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা হয়েছিল।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।