সমাজের নিকৃষ্টরা এমপি-মন্ত্রী আর বড় দুর্নীতিবাজরাই নেতা হচ্ছে: স্পিকার

অনলাইন ডেস্কঃ
২২ অক্টোবর, ২০২৬ ১:৪০ পিএম
শেয়ার করুন:
সমাজের নিকৃষ্টরা এমপি-মন্ত্রী আর বড় দুর্নীতিবাজরাই নেতা হচ্ছে: স্পিকার

বর্তমান সমাজব্যবস্থায় ভালো ও সৎ মানুষের রাজনীতি করার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরাই এখন সংসদ সদস্য ও মন্ত্রী হচ্ছেন এবং সবচেয়ে বড় দুর্নীতিবাজরাই সমাজের নেতৃত্বে চলে আসছেন।

বুধবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠন এই সংবর্ধনা সভার আয়োজন করে।

বক্তব্যে সামাজিক অবক্ষয় ও রাজনীতির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “সবচেয়ে বড় দুর্নীতিবাজরা আজ সমাজের বড় নেতা হয়ে গেছে। এর জন্য আমি কাউকে এককভাবে দোষ দিই না, পুরো সমাজব্যবস্থাটাই এমন হয়ে গেছে। এখানে ভালো ও যোগ্য মানুষের নির্বাচনে দাঁড়াবার সুযোগ নেই। সৎ মানুষের রাজনীতি করার মতো অনুকূল পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। তবে দেশ সবসময় এমন অবস্থায় থাকবে না।”

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের দুঃশাসন থেকে যেহেতু জাতি মুক্ত হয়েছে, আগামী দিনে নিশ্চয়ই আল্লাহ বাংলাদেশের মানুষের ওপর দয়া করবেন এবং আমরা সবাই মিলে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব।”

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে দল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।