'আল্লাহর কাছে বিচার দিলাম’ নেত্রকোনায় বৃদ্ধ কৃষকের লাউ খেত তছনছ, সর্বস্ব হারিয়ে আহাজারি

নেত্রকোনা প্রতিনিধিঃ
৬ অক্টোবর, ২০২৬ ১০:৪২ এএম
শেয়ার করুন:
'আল্লাহর কাছে বিচার দিলাম’ নেত্রকোনায় বৃদ্ধ কৃষকের লাউ খেত তছনছ, সর্বস্ব হারিয়ে আহাজারি

“তিন মাস ধরে তিল তিল কইরা গাছগুলো বড় করছিলাম। ভাবছিলাম লাউ বিক্রি কইরা পোলাপান নিয়া দু’বেলা ডাল-ভাত খাইয়া বাঁচুম। কিন্তু কে বা কারা আমার সব শেষ কইরা দিল! আমি কার কী ক্ষতি করছিলাম? আল্লাহর দরবারে বিচার দেওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার নাই।” 

চোখভরা জল আর বুকফাটা আর্তনাদ নিয়ে কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ৬৫ বছর বয়সী বৃদ্ধ কৃষক মোশাররফ। বয়সের ভারে ন্যুব্জ আর অভাবের তাড়নায় ক্লান্ত এই মানুষটির আহাজারি এখন এলাকার মানুষের হৃদয়কেও ভারী করে তুলছে। নেত্রকোনা সদর উপজেলার এক জনপদে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।

ভুক্তভোগী মোশাররফ নেত্রকোনা সদর উপজেলার ৪ নম্বর সিংহের বাংলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রায়দুম রুহী গ্রামের বাসিন্দা (মৃত মিয়া হোসেনের ছেলে)। হতদরিদ্র এই মানুষটির নিজের বলতে এক টুকরো জমিও নেই। অন্যের জমি বর্গা নিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে কোনোমতে টেনেটুনে চলে তার সংসার। পরিবারে স্ত্রী ও পাঁচ ছেলেসহ সদস্য সংখ্যা সাতজন। এই সাতটি মুখের অন্ন জোগাতে ধারদেনা করে সম্প্রতি অন্যের ১১ কাঠা জমি বর্গা নিয়ে দেশি লাউয়ের আবাদ করেছিলেন তিনি।

দিনরাত এক করে টানা তিন মাস পরম যত্নে খেতের পরিচর্যা করেছিলেন মোশাররফ। সম্প্রতি মাচাজুড়ে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছিল কচি লাউ। কৃষকের মুখেও ফুটতে শুরু করেছিল স্বস্তির হাসি। কিন্তু সেই হাসিমুখ বেশিক্ষণ স্থায়ী হতে দিল না দুর্বৃত্তরা। রাতের আঁধারে কে বা কারা শত্রুভাবাপন্ন হয়ে তার পুরো খেতের সব লাউ গাছ কেটে ও নষ্ট করে দিয়ে যায়। পরদিন সকালে খেতে এসে নিজের চোখের সামনে ফসলের এমন ধ্বংসস্তূপ দেখে বাকরুদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোশাররফ।

নিমিষেই শেষ হয়ে যায় একটি হতদরিদ্র পরিবারের বেঁচে থাকার একমাত্র স্বপ্ন। বৃদ্ধ বয়সে এসে এমন চরম শত্রুতা ও নির্মম আঘাতের মুখে পড়ে পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা। 

এলাকাবাসী ও সচেতন মহল এই জঘন্য ও অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একজন হতদরিদ্র বৃদ্ধ কৃষকের পেটে এভাবে যারা লাথি মেরেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি উঠেছে। 

সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া বৃদ্ধ মোশাররফের পরিবারকে বাঁচাতে এবং এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী। পাশাপাশি, উপজেলা কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সমাজের হৃদয়বান ব্যক্তিদের প্রতি ক্ষতিগ্রস্ত এই কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।