সদরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৫ অক্টোবর, ২০২৬ ১০:৩৭ পিএম
শেয়ার করুন:
সদরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

“শিক্ষকই জাতি গঠনের কারিগর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় সদরপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্টদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুলের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজের কারণে তিনি উপস্থিত হতে পারেননি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু), সদস্য সচিব তরীকুল ইসলাম কবির মোল্যা ও যুগ্ম আহ্বায়ক আবু সাইদ।

এ ছাড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার নির্মল চন্দ মৃধা, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সদরপুর উপজেলা শাখার সভাপতি আঃ বারেক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, শিক্ষক সমিতি সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুস সাত্তার মিয়া, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর আলী খান এবং সদরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হকসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি ফজলুর হক, এফ এম ফায়েজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মশিউর রহমান, মোহাম্মদ রাউফুজ্জামান ও নুরুজ্জামান।

বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ, পেশাগত দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন পর্যায়ের গুণী ও সম্মানিত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।