নতুন কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির

অনলাইন ডেস্কঃ
১৫ অক্টোবর, ২০২৬ ৩:১৪ পিএম
শেয়ার করুন:
নতুন কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তরুণদের দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবার রাজধানী নয়াদিল্লিতে ‘তিরঙ্গা মার্চ’ বা জাতীয় পতাকা সমাবেশের নতুন কর্মসূচি দিয়েছে দলটি। এই কর্মসূচির ডাক দেওয়ার পর নিজেও গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে অভিজিৎ দীপকে জানান, আগামী শুক্রবার বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে সমবেত হবেন দলের নেতাকর্মীরা। 

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে তাদের দুই শীর্ষ নেতা অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এর প্রতিবাদেই এই কর্মসূচি। দীপকে বলেন, “জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়, এটি আমাদের জাতীয় গর্ব। আমরা পতাকা ওড়াব এবং বুঝিয়ে দেব এটি কোনো অন্যায় হতে পারে না।” যারা দিল্লিতে উপস্থিত হতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে ‘তিরঙ্গা মার্চ’ আয়োজনের আহ্বান জানান তিনি। 

কর্মসূচি পালনের কারণে তাকেও গ্রেপ্তার করা হতে পারে জানিয়ে সিজেপি প্রধান বলেন, গ্রেপ্তার বা দমন-পীড়নের ভয়ে তিনি রাজপথ ছেড়ে পিছিয়ে যাবেন না।

এদিকে পুলিশ জানিয়েছে, কনট প্লেসের মতো সংবেদনশীল এলাকায় সমাবেশ আয়োজনের জন্য আয়োজকদের পক্ষ থেকে কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। এছাড়া এলাকায় বর্তমানে ১৬৩ ধারার আওতায় নিষেধাজ্ঞামূলক আদেশ জারি থাকায় এ ধরনের জমায়েতের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

যে কারণে সংঘাতের সূত্রপাত:
এর আগে গত মঙ্গলবার ১৪ জনের একটি দল জনতা দল (ইউনাইটেড)-এর কার্যালয়ের পেছনের গলি দিয়ে যন্তর মন্তরে প্রতিবাদস্থলে প্রবেশের চেষ্টা করে। সেখানে তালাবদ্ধ লোহার ফটক টপকে ঢুকে জাতীয় পতাকা ওড়ানো ও স্লোগান দেওয়ার অভিযোগে অশুতোষ রাঙ্কা, সৌরভ দাসসহ কয়েকজনকে আটক করে পুলিশ। 

পরবর্তীতে বাকিদের ছেড়ে দেওয়া হলেও রাঙ্কা ও দাসের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য, অনধিকার প্রবেশ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। বুধবার দিল্লির একটি আদালত তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শীর্ষ নেতাদের কারাবন্দী করার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুন এই সমাবেশকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।