ভাঙ্গায় প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত ১০

সরোয়ার হোসেন, ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধিঃ
২২ অক্টোবর, ২০২৬ ৬:০৫ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌর সদরের দুধ বাজারসংলগ্ন নদীর ঘাটে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজারের চালপট্টি হরিমন্দির যুব সংঘ এবং কুমারপট্টি তরুণ সংঘের উদ্যোগে পাশাপাশি মাত্র ৫০ হাত দূরত্বে দুটি পৃথক মণ্ডপে শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপিত হয়। তবে বুধবার রাতে হরিমন্দির যুব সংঘের সদস্যরা প্রথমে দুধ বাজার ঘাটে প্রতিমা বিসর্জন দিতে যান। এর কিছুক্ষণ পর কুমারপট্টি তরুণ সংঘের লোকজনও সেখানে প্রতিমা বিসর্জন দিতে পৌঁছান। 

এ সময় ঘাটে প্রতিমা রাখা ও নামানো নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে তরুণ সংঘের ২০-৩০ জন ব্যক্তি লাঠিসোটা নিয়ে হরিমন্দির যুব সংঘের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। 

হরিমন্দির যুব সংঘের সভাপতি স্বপন দাস অভিযোগ করে বলেন, "হামলায় আমিসহ আমার স্ত্রী, ভাই এবং সংগঠনের সদস্য মিলিয়ে অন্তত ১০-১২ জন আহত হয়েছি।" ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ সংঘের সদস্যরা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।