এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় সাক্ষ্য দিতে উপস্থিত না হওয়ায় বর্তমানে কর্মরত ও বদলি হওয়া প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বারবার সমন ও পরোয়ানা পাঠানোর পরও তারা আদালতে হাজির না হওয়ায় বছরের পর বছর ধরে বহু মামলার বিচারকাজ আটকে রয়েছে।
আদালত সংশ্লিষ্ট সূত্র ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা যায়, সিএমপির উপকমিশনার (সদর) দপ্তর থেকে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে ১৮টি পৃথক স্মারকে জরুরি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্ধারিত তারিখে সকাল ৯টায় আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
নথিপত্রে উল্লেখ করা হয়, এসব সাক্ষীদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার সমন, সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা এবং সর্বশেষ জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু তারা আদালতে না আসায় মামলাগুলো নিষ্পত্তির পথ রুদ্ধ হয়ে পড়েছে।
সাক্ষীদের পদমর্যাদা ও কর্মস্থল
অনুপস্থিত এসব সাক্ষীদের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা রয়েছেন। এদের কেউ বর্তমানে সিএমপিতে দায়িত্বরত, আবার অনেকে বদলি হয়ে ঢাকা, কুমিল্লা, সিলেট, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, চাঁদপুর, সুনামগঞ্জ ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় কর্মরত। এছাড়া অনেকে সিআইডি, পিবিআই, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ ও এসবির মতো বিশেষায়িত ইউনিটেও দায়িত্ব পালন করছেন।
পতেঙ্গা, কোতোয়ালি, খুলশী, সদরঘাট, হালিশহর, চকবাজার, কর্ণফুলী, ডবলমুরিং, বায়েজিদ, চান্দগাঁও ও পাঁচলাইশসহ নগরীর প্রায় সব থানার মামলার বিচারিক প্রক্রিয়াই এ জটিলতায় পড়েছে।
সাক্ষীর অভাবে আটকে ২০২২ সালের হত্যা মামলা
গুরুতর অপরাধের মামলাও পুলিশ সাক্ষীদের অনুপস্থিতির কারণে বছরের পর বছর থমকে আছে। সম্প্রতি চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালত ২০২২ সালের একটি হত্যা মামলায় পুলিশ কমিশনারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বারবার প্রসেস ইস্যু করা সত্ত্বেও রাষ্ট্রপক্ষ সাক্ষীদের হাজির করতে পারছে না। ফলে পুরোনো মামলাটির বিচারকাজ এগোচ্ছে না। ধার্য তারিখে পুলিশ সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে ফৌজদারি কার্যবিধির ১৭১(২) ধারার আলোকে উদ্ভূত ফলাফলের দায় পুলিশ কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলেও আদালত সতর্ক করেন।
জটিলতার মূল কারণ ‘বদলি ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা’
আদালত সংশ্লিষ্টদের মতে, মামলার তদন্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা পরবর্তী সময়ে অন্য ইউনিটে বদলি হয়ে যাওয়ায় এ জটিলতা সবচেয়ে বেশি তৈরি হয়। আদালত থেকে পাঠানো সমন প্রথমে যায় পুরোনো কর্মস্থলে; সেখান থেকে রিজার্ভ অফিস ও প্রধান কার্যালয় হয়ে নতুন কর্মস্থলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে সমন পৌঁছালেও কর্মস্থল থেকে নির্ধারিত দিনে আদালতে যাওয়ার মতো প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া যায় না।
একই ধরনের জটিলতা দেখা গেছে নোয়াখালী জেলাতেও। সেখানেও বিচারাধীন মামলায় দায়িত্বপ্রাপ্ত ১২১ জন পুলিশ সাক্ষীকে আদালতে হাজিরা নিশ্চিত করতে কড়া নির্দেশনা দিয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়।
সংশ্লিষ্টদের বক্তব্য
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ এ প্রসঙ্গে বলেন, “তারা কেউই মামলার আসামি নন। এটি মূলত আদালতে সাক্ষী হিসেবে তাদের উপস্থিতি নিশ্চিত করার একটি প্রশাসনিক প্রক্রিয়া বা তাগাদা। অনেকেই দূরে বদলি হওয়া, অসুস্থতা কিংবা সময়মতো সমন না পাওয়ার কারণে উপস্থিত হতে পারেননি। আবার কেউ কেউ ইতোমধ্যে অবসরে গেছেন বা মারা গেছেন। বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতেই সবাইকে তলব করা হচ্ছে।”
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুর রাজ্জাক বলেন, “সমন যথাযথভাবে কার্যকর না হওয়া কিংবা অবসর গ্রহণের মতো নানা কারণে পুলিশ সাক্ষীরা সময়মতো আসতে পারেন না। এতে মামলার জট ক্রমেই বাড়ছে। বিচার দ্রুত শেষ করতে হলে সমন কার্যকরের পাশাপাশি সাক্ষীদের যাতায়াত খরচ ও আইনি সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।”
সুশাসনের জন্য নাগরিক (সুজন), চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আকতার কবির চৌধুরী বলেন, “পুলিশের মতো দায়িত্বশীল সাক্ষীদের অনুপস্থিতিতে বছরের পর বছর মামলা ঝুলে থাকা বিচারব্যবস্থার জন্য মারাত্মক সংকট। এতে বিচারপ্রার্থী মানুষ ও রাষ্ট্র উভয়েই ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে তাদের আদালতে উপস্থিতি নিশ্চিত করা এবং আদালতের পরোয়ানা অমান্যকারীদের জবাবদিহির আওতায় আনা অত্যন্ত জরুরি।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
ভারত | ৬ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।