চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নিহত ৮

অনলাইন ডেস্কঃ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:২৭ পিএম
শেয়ার করুন:
চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নিহত ৮

ভারতের রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন যাত্রী। 

শনিবার ভোরে রাজস্থানের কোটা এলাকায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ২৭ জন যাত্রী নিয়ে বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে সেটি পাশের গভীর খাদে ছিটকে পড়ে। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, সকাল আনুমানিক ৮টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। এর মধ্যে সাতজনকে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাণ হারানো আটজনের মধ্যে পাঁচজনই নারী। নিহতরা হলেন—অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ১৭ জন যাত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করছে স্থানীয় প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।