‘আগামী ছয় মাসের মধ্যে মোদি সরকারের পতন ঘটবে’

অনলাইন ডেস্কঃ
১১ অক্টোবর, ২০২৬ ১২:৪৭ পিএম
শেয়ার করুন:
‘আগামী ছয় মাসের মধ্যে মোদি সরকারের পতন ঘটবে’

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে ‘জনবিদ্রোহ’ হিসেবে অভিহিত করে নরেন্দ্র মোদি সরকারের দ্রুত পতনের পূর্বাভাস দিয়েছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা ও সংসদ সদস্য সঞ্জয় রাউত। তাঁর দাবি, আগামী বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যেই বর্তমান সরকারের অবসান ঘটবে এবং কেন্দ্রে একটি নতুন ‘জাতীয় সরকার’ গঠিত হবে।

শনিবার মহারাষ্ট্রের পুনেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সঞ্জয় রাউত এসব কথা বলেন। একই সঙ্গে দিল্লিতে বিক্ষোভকারীদের প্রবেশে পুলিশি বাধা ও অবরোধের তীব্র সমালোচনা করেন তিনি।

সঞ্জয় রাউত বলেন, দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকার চরম শঙ্কায় রয়েছে। চলমান পরিস্থিতি ভারতীয় রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। 

সরকারের আয়ু নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আগামী ছয় মাসের মধ্যেই এই সরকার ক্ষমতা হারাতে পারে। মার্চ-এপ্রিলের মধ্যেই মোদি সরকারের পতন নিশ্চিত হবে এবং দেশে একটি বিকল্প জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে।”

রাজধানী দিল্লির চলমান অচলাবস্থার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিক্ষোভ ঠেকাতে দিল্লির বাইরে প্রায় ১৫ হাজার যানবাহন আটকে রেখেছে পুলিশ। একই সঙ্গে সাধারণ মানুষের রাজধানীতে প্রবেশ বন্ধ করতে ট্রেন চলাচলও বিঘ্নিত করা হচ্ছে। বর্তমান প্রশাসনের এই দমন-পীড়নকে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নিপীড়নমূলক ব্যবস্থার সঙ্গে তুলনা করেন এই শিবসেনা নেতা।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনরত বিরোধী দলের নেতা-কর্মীদের ধরপাকড়ের তীব্র নিন্দা জানিয়ে রাউত বলেন, দিল্লিতে পৌঁছানোর পরপরই রাজনৈতিক নেতাদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে এবং সংবিধানস্বীকৃত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।