কুষ্টিয়া সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা রুখে দিল বিজিবি

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১১ অক্টোবর, ২০২৬ ১২:৫১ পিএম
শেয়ার করুন:
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা রুখে দিল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ চারজনকে বাংলাদেশে ‘পুশইন’ (অবৈধভাবে ঠেলে পাঠানো)-এর চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধ ও কড়া বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এ প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজন ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির (বর্ডার আউটপোস্ট) আওতাধীন ১৫৩/৯-এস নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ ও দুই নারীকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। বিষয়টি নজরে আসামাত্রই সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা দ্রুত অবস্থান নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয় এবং সকাল ৮টার দিকে ওই চারজন পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

তবে পুশইনের শিকার হওয়া ওই ব্যক্তিদের নাম-পরিচয়, নাগরিকত্ব কিংবা কী কারণে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছেন বলে সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।