মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২২ অক্টোবর, ২০২৬ ৪:১২ পিএম
শেয়ার করুন:
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সুন্দরবন আকাশপথে পরিদর্শন শেষে বাগেরহাটের মোংলা নৌঘাঁটিতে (বানৌজা মোংলা) পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে তিনি বানৌজা মোংলার জেটিতে অবতরণ করেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করেন তিনি।

সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। পরবর্তীতে সেখান থেকে তিনি নৌপথে মোংলার বানৌজা নৌঘাঁটিতে পৌঁছান।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির পর বেলা পৌনে ২টায় নৌঘাঁটির ওয়ার্ডরুম সভাকক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সভায় খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরসূচির পরবর্তী অংশে বিকেল পৌনে ৩টায় মোংলা বন্দরের জেটির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ৩টায় তিনি জেটিতে উপস্থিত হয়ে বন্দর কার্যক্রম ও এর অবকাঠামো পরিদর্শন করবেন। এরপর বিকেল সোয়া ৩টায় মোংলার প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করে সাড়ে ৩টায় সেটি পরিদর্শন করবেন। দিনব্যাপী সফর শেষে বিকেল ৪টায় হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মোংলাসহ সংশ্লিষ্ট উপকূলীয় এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পরিদর্শনস্থলগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের সমন্বিত টহলসহ সার্বিক নিরাপত্তায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।