গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মসজিদসহ ২০ টি দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্কঃ
২২ অক্টোবর, ২০২৬ ১:১৬ পিএম
শেয়ার করুন:
গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মসজিদসহ ২০ টি দোকান পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের তুলার গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তুলার গুদাম থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, আগুনে একটি মসজিদ ছাড়াও তুলার গুদাম, ঝুট গুদাম, স্যানিটারি দোকান, ভাঙারির দোকান ও কয়েকটি মুরগির দোকানসহ প্রায় ২০টি স্থাপনা পুড়ে গেছে। 

তিনি আরও জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।