রোয়াংছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
১৮ অক্টোবর, ২০২৬ ৬:৫৫ পিএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

‘জলবায়ু অভিঘাত পেরিয়ে গ্রামীণ নারী ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বান্দরবানের রোয়াংছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, ঐতিহ্যবাহী খেলাধুলা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের আন্তাহার বাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াপতং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রাউসের উপজেলা ফোকাল পার্সন অংচউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপির সংরক্ষিত নারী সদস্য মেনুপ্রু মারমা, বিশিষ্ট সমাজসেবক নেফাচন্দ্র তঞ্চঙ্গ্যা এবং গ্রাউসের কর্মকর্তা অম্লান চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন, টেকসই কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গ্রামীণ নারীদের অবদান অনস্বীকার্য। কিন্তু সেই তুলনায় তাঁরা আজও অবহেলিত। জাতিসংঘের বৈশ্বিক উন্নয়ন কাঠামো ও লিঙ্গবৈষম্য দূরীকরণের লক্ষ্য বাস্তবায়নে গ্রামীণ নারীদের কৃষিকাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি। বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে গ্রামীণ নারী কৃষকদের সরাসরি ‘কৃষক কার্ড’ প্রদান ও সমকাজে সমমজুরি নিশ্চিত করার জোর দাবি জানান। 

এ ছাড়া ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।