ছাদখোলা বাসে ঢাকঢোল পিটিয়ে প্রচারণা, টিকিট কেটে সিনেমা দেখলেন মাত্র ২ জন

অনলাইন ডেস্কঃ
১৮ অক্টোবর, ২০২৬ ৫:৪৪ পিএম
শেয়ার করুন:
ছাদখোলা বাসে ঢাকঢোল পিটিয়ে প্রচারণা, টিকিট কেটে সিনেমা দেখলেন মাত্র ২ জন

মুক্তির আগে ছিল জমকালো আয়োজন ও ব্যাপক হাঁকডাক। এমনকি রাজধানীজুড়ে ছাদখোলা বাসে চড়ে প্রচারণা চালিয়েছিলেন সিনেমার অভিনয়শিল্পী ও প্রযোজক। তবে মুক্তির পর প্রেক্ষাগৃহের বাস্তব দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। হলের টিকিট কাউন্টারে দর্শকদের খুঁজে পাওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে।

চলতি দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চার সিনেমার মধ্যে অন্যতম ‘স্নেহের বন্ধন’ ও ‘কাটপিস’। ছবি দুটি বর্তমানে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে প্রদর্শিত হচ্ছে। তবে মুক্তির প্রথম দিন থেকেই সিনেমা দুটি চরম দর্শকখরায় ভুগছে। 

লায়ন সিনেমাস সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ‘স্নেহের বন্ধন’ সিনেমার একটি প্রদর্শনীতে মোট ৩৭টি টিকিট বিক্রি হয়। যার মধ্যে ৩৫টি টিকিটই কিনে নেন সিনেমাটির প্রচারে আসা প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা! অর্থাৎ, সাধারণ দর্শক হিসেবে টিকিট কেটে সিনেমাটি দেখেছেন মোটে দুজন। অন্যদিকে, একই দিনে মুক্তিপ্রাপ্ত আরেক সিনেমা ‘কাটপিস’-এর কপালে জুটেছে মাত্র আটটি টিকিট বিক্রির সৌভাগ্য।

এ বিষয়ে লায়ন সিনেমাসের প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক জানান, মুক্তির প্রথম দিনে সিনেমা দুটির একাধিক প্রদর্শনীতে কোনো দর্শকই ছিলেন না। শনিবার সন্ধ্যার আগপর্যন্ত দুটি শোতে একটি টিকিটও বিক্রি হয়নি।

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, “সারা দিন শোতে কোনো দর্শক ছিল না। সন্ধ্যায় ৩৭টি টিকিট বিক্রি হলেও তার ৩৫টিই কিনেছেন সিনেমার সংশ্লিষ্ট মানুষেরা। এভাবে তো দেশের চলচ্চিত্র এগোতে পারে না। আগে ভালো সিনেমা বানাতে হবে, তবেই দর্শক এমনিতেই দেখতে আসবে। সবচেয়ে বড় প্রচার হলো মানুষের মুখে মুখে প্রচার।”

তিনি আরও যোগ করেন, “এই ধরনের সিনেমা চালানোর জন্য যখন অনুরোধ করা হয়, তখন পোস্টার ছাপানো থেকে শুরু করে প্রচারণায় ওদেরও অনেক টাকা নষ্ট হয়। ছবিগুলো না চালালে অন্তত আমার বিদ্যুৎ ও এসির খরচটা বেঁচে যেত, লোকসানও কম হতো। কিন্তু কে শোনে কার কথা!”

এদিকে প্রেক্ষাগৃহের এমন করুণ অবস্থার বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে চলছে প্রচারণার ঝড়। ফেসবুকে বিভিন্ন পেজ ও ভিডিওতে দাবি করা হচ্ছে—সিনেমাটি দেখে দর্শকেরা কেঁদে বুক ভাসাচ্ছেন এবং এটিকে বছরের অন্যতম সেরা ‘পারিবারিক গল্পের সিনেমা’ বলে আখ্যা দেওয়া হচ্ছে। তবে অন্তর্জালে এই কান্নাকাটি ও প্রচারণার উত্তাপের সঙ্গে প্রেক্ষাগৃহের বাস্তবতার বিন্দুমাত্র মিল নেই।

উল্লেখ্য, কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। ছবিটির প্রযোজক শাহ আলম। মুক্তির আগে ঢাকা শহরে ছাদখোলা বাসে চেপে বেশ ঢাকঢোল পিটিয়ে প্রচারণা চালানো হলেও লায়ন সিনেমাসসহ দেশের অন্য ১৩টি প্রেক্ষাগৃহেও ছবিটির দর্শক উপস্থিতি তলানিতে এসে ঠেকেছে। উৎসবের মৌসুমেও এমন দর্শকশূন্যতা চলচ্চিত্র পাড়ায় নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।