সদরপুরে ব্যবসায়ীকে জিম্মি করে নির্যাতন ও অর্থ আদায়, গ্রেপ্তার ২ নারী

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
২২ অক্টোবর, ২০২৬ ২:০২ পিএম
শেয়ার করুন:
সদরপুরে ব্যবসায়ীকে জিম্মি করে নির্যাতন ও অর্থ আদায়, গ্রেপ্তার ২ নারী

ফরিদপুরের সদরপুরে এক মোবাইল ফোন ব্যবসায়ীকে কৌশলে ফাঁদে ফেলে প্রায় ১৮ ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধারসহ জড়িত দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদরপুর ইউনিয়নের কদমতলা এলাকার ‘খাদিজাতুল কোবরা মাদ্রাসা’ ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অঞ্জনা আক্তার (২৫) ও মালা আক্তার (১৯)।

ভুক্তভোগী ব্যবসায়ী ইব্রাহীম খান (২৮) জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে গত ২০ অক্টোবর রাতে অঞ্জনা আক্তার তাঁকে ওই কক্ষে ডেকে নেন। সেখানে যাওয়ার পরপরই তাঁকে আটকে রেখে জিম্মি করা হয়। পরে অঞ্জনার স্বামী সুমনসহ চক্রের আরও কয়েকজন সেখানে এসে তাঁকে বেধড়ক মারধর করে। এ সময় তাঁর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে চক্রটি পরিবারের কাছে আরও দেড় লাখ টাকা দাবি করে। 

টানা ১৮ ঘণ্টা বন্দিদশায় থাকার পর বুধবার সকালে কৌশলে এক আত্মীয়কে বিষয়টি ফোনে জানান ইব্রাহীম। স্বজনরা সদরপুর থানা পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অঞ্জনার স্বামী সুমনসহ অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং অঞ্জনা ও মালা নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী ইব্রাহীম খান বাদী হয়ে অঞ্জনা আক্তার, তাঁর স্বামী সুমন ও মালা আক্তারসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে সদরপুর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, “এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত সুমনসহ বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।