মহম্মদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহাষ্টমী উদযাপন, ১২৮ মণ্ডপে চলছে দুর্গোৎসব

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
১৯ অক্টোবর, ২০২৬ ৪:১০ পিএম
শেয়ার করুন:
মহম্মদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহাষ্টমী উদযাপন, ১২৮ মণ্ডপে চলছে দুর্গোৎসব

মাগুরার মহম্মদপুর উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উদ্দীপনা ও পূজা-অর্চনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান দিন মহাষ্টমী। সোমবার উপজেলার ১২৮টি পূজামণ্ডপে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন ও বিশেষ আরতির মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এদিন উপজেলার নহাটা সার্বজনীন যুব সংঘ দুর্গামন্দিরসহ বিভিন্ন মণ্ডপে সাড়ম্বরে মহাষ্টমীর পূজা ও অঞ্জলি প্রদান অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্ত ও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সনাতন ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন হলো মহাষ্টমী। এদিন দেবী দুর্গার বিশেষ আরাধনার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে প্রচলিত প্রথা অনুসারে কুমারী পূজার আয়োজন করা হয়। এছাড়া অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে আয়োজিত ‘সন্ধিপূজা’ এই দিনের অন্যতম আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হিসেবে বিবেচিত।

পূজা পঞ্জিকা অনুসারে, গত ১৬ অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। মহাসপ্তমী পেরিয়ে আজ পালিত হচ্ছে মহাষ্টমী। আগামীকাল ২০ অক্টোবর মহানবমী এবং পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাঙ্গ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসব।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মহম্মদপুরের প্রতিটি মণ্ডপেই এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আয়োজক ও পুণ্যার্থীরা জানান, এ উৎসব কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়; এটি সমাজে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।