ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

অনলাইন ডেস্কঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১:৩৮ পিএম
শেয়ার করুন:
ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইশরাক হোসেন। তাঁর পদত্যাগপত্র ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং যেকোনো সময় তা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে। 

ইশরাক হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, আজ দুপুরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেবেন। এরপর দুপুরেই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজের পদত্যাগের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন।

এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে ইশরাক হোসেন লেখেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”

সমালোচকদের উদ্দেশে কিছুটা আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”

পদ ছাড়লেও রাজপথে ও জনকল্যাণে সক্রিয় থাকার প্রত্যয় জানিয়ে ইশরাক হোসেন আরও যোগ করেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।” নিজের অবস্থানের সারসংক্ষেপ তুলে ধরে তিনি লেখেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।