আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও ৩ লাইনের প্ল্যাটফর্ম নির্মাণে মতবিনিময় সভা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৯ পিএম
শেয়ার করুন:
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও ৩ লাইনের প্ল্যাটফর্ম নির্মাণে মতবিনিময় সভা

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে রূপান্তর এবং ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের বিরতির (স্টপেজ) দাবিতে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত এ সভায় যাত্রীসেবার মানোন্নয়ন এবং তিন লাইন বিশিষ্ট নতুন ও আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি এ অঞ্চলের হাজারো মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে অবহেলিত এই স্টেশনটিকে একটি পূর্ণাঙ্গ মডেল স্টেশন হিসেবে গড়ে তোলা আত্রাই ও রাণীনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি।” তিনি আরও বলেন, “সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবে অবিলম্বে এখানে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। যাত্রীসেবার মান বৃদ্ধি ও প্ল্যাটফর্মের সম্প্রসারণে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলমসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং রেলওয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।