খোকসায় ট্রাক-নছিমন মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৬ পিএম
শেয়ার করুন:
খোকসায় ট্রাক-নছিমন মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় ট্রাক ও স্যালো ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে মুন্না (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে একই সড়কে অবৈধ নছিমন দুর্ঘটনায় দ্বিতীয় চালকের মৃত্যু হলো।

নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুর হাট এলাকার মোতালেব হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের সঙ্গীদের সূত্রে জানা যায়, সকালে কয়েকটি নছিমন একযোগে মহাজনের পাটকাঠি আনার জন্য রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়ার দিকে যাচ্ছিল। বিলজানি বাজারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের উঁচু ঢিবির সাথে ধাক্কা লাগে মুন্নার নছিমনটির। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে ট্রাকের সামনে আছড়ে পড়ে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক মুন্না। 

নিহত মুন্নার বহরে থাকা অপর নছিমন চালক রাজন জানান, "আমরা একসাথেই মাছপাড়ায় যাচ্ছিলাম। সড়কের ঢিবির সাথে বাড়ি খেয়ে মুন্নার নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রাকের সামনে আছড়ে পড়ে এবং চোখের পলকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।"

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি (কুষ্টিয়া-ট ১১-২১৩৯) আটক করতে সক্ষম হলেও চালক কৌশলে পালিয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুল জানান, ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধারের পর ঘাতক ট্রাক ও মরদেহটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।