ভারত-পাকিস্তান নৌবাহিনীর সংঘর্ষ

অনলাইন ডেস্কঃ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৩ পিএম
শেয়ার করুন:
ভারত-পাকিস্তান নৌবাহিনীর সংঘর্ষ

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার কড়া প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে (ভারপ্রাপ্ত হাইকমিশনার) তলব করেছে ভারত।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি ইউনিটের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের এই সংঘর্ষ ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঠিক কখন বা কোন স্থানে ঘটেছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। 

পাকিস্তানি নৌবাহিনীর এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লি একে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণ’ হিসেবে আখ্যায়িত করেছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তানি যুদ্ধজাহাজের এ ধরনের আচরণ দুই দেশের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত ‘সামরিক মহড়া, কৌশল ও সেনা চলাচলের আগাম বিজ্ঞপ্তি’ সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে ইসলামাবাদকে স্পষ্ট বার্তা দিতে পাকিস্তানি কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক চুক্তিগুলো কঠোরভাবে মেনে চলার বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।

নয়াদিল্লির এই আনুষ্ঠানিক প্রতিবাদ বার্তা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার জন্য পাকিস্তানি কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে একই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।