আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে বিক্রেতার ৩ মাসের কারাদণ্ড, উদ্ধার ২৮ কচ্ছপ অবমুক্ত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩১ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে বিক্রেতার ৩ মাসের কারাদণ্ড, উদ্ধার ২৮ কচ্ছপ অবমুক্ত

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে কচ্ছপ বিক্রির দায়ে ফিলিপ অধিকারী (৫০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ২৮টি বিরল প্রজাতির জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়। 

আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ত্রিমুখী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। 

জানা গেছে, ত্রিমুখী বাজারে অবৈধভাবে কচ্ছপ বিক্রি করার সময় কদমবাড়ি এলাকার যতীন্দ্রনাথ অধিকারীর ছেলে ফিলিপ অধিকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

অভিযান শেষে উদ্ধারকৃত ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ স্থানীয় পয়সারহাট সংলগ্ন সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্য করে বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির দায়ে অভিযুক্তকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত কচ্ছপ ও মাছগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। 

অভিযানকালে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ও উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত ফিলিপ অধিকারীকে আজ দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।