প্রশাসনে হস্তক্ষেপ, অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে মহম্মদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
১২ আগস্ট, ২০২৬ ৬:১৬ পিএম
শেয়ার করুন:
প্রশাসনে হস্তক্ষেপ, অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে মহম্মদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মাগুরার মহম্মদপুরে প্রশাসনিক কার্যক্রমে অনভিপ্রেত হস্তক্ষেপ, অনিয়ম, বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি এবং চক্রান্তমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ। 

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ দিন সকালে নেতাকর্মীরা "চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না", "ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না"—এসব স্লোগানে স্লোগানে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি এলাকা প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সার্বিক সহায়তায় মহম্মদপুরে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ উন্নয়ন ও বরাদ্দ আসছে। নিরীহ, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কাছে স্বচ্ছতার সাথে সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।”

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ার বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, “প্রায় ৯০০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ৮৩ জনকে নির্বাচন করা হয়েছে। এতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি। মূলত নিজেদের অনৈতিক স্বার্থসিদ্ধি না হওয়ায় যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসনিক কাজে বাধা দিচ্ছে, তারা কখনোই দলের সুহৃদ হতে পারে না।”

সমাবেশে অন্য বক্তারা বলেন, কোনো প্রকার অপপ্রচার বা চক্রান্তের মাধ্যমে মহম্মদপুরের শান্তি ও উন্নয়নের পরিবেশ বিনষ্ট করতে দেওয়া হবে না। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অনৈতিক সুবিধা হাসিল করতে না পেরে স্বাধীন প্রশাসনিক কাজে বাধার সৃষ্টি করছে এবং বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত হয়েছে। বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনিক কাজে যেকোনো হস্তক্ষেপ ও অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মুকুল, অধ্যাপক ড. এম এম রইচ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব খাঁন সোহেল, মহিদুল ইসলাম ও আক্তারুজ্জামান বিল্লাহ।

এছাড়া বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা মো. শরিফুজ্জামান টুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, ছাত্রদল নেতা মো. ইব্রাহিম সর্দার শাকিল ও রফিকুল ইসলামসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।