বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
১ আগস্ট, ২০২৬ ৭:৪০ পিএম
শেয়ার করুন:
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাগদিয়া বন্দেরবাড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত হামদু মিয়ার ১১ বছর বয়সী ছেলে নীরবের সঙ্গে প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিনের ( ১২) সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াছিন নীরবকে থাপ্পড় দিলে দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাতাহাতির সময় হামদু মিয়া লাঠি দিয়ে আঘাত করলে ইয়াছিনের মাথায় গুরুতর আঘাত লাগে।

এই ঘটনার জের ধরে শনিবার সকালে আবুল হোসেনের পক্ষের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মতে, শিশুদের মধ্যে সামান্য বিরোধ থেকে শুরু হওয়া এই ঘটনা মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রাণহানির এ ঘটনা এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।