আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 23, 2026 - 19:39
Apr 23, 2026 - 19:39
আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘পুষ্টির অভাব হবে শেষ, গড়বো জাতির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টিকর খাবার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ-সবল জাতি গঠনের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচির আয়োজন করে।

​বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

​প্রধান অতিথির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক বলেন, একটি মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। আমরা অনেক সময় দামী খাবার খুঁজি, কিন্তু আমাদের হাতের নাগালে থাকা শাকসবজি ও ফলমূলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন থাকি না। বর্তমান সরকার পুষ্টির মান উন্নয়নে নিরলস কাজ করছে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সুষম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করতে এই পুষ্টি সপ্তাহ বিশেষ ভূমিকা রাখবে।

​সভাপতির বক্তব্যে ডা. খায়রুল আলম বলেন, সুস্থ শরীরের জন্য শুধু পেট ভরে খাওয়া নয়, বরং সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার গ্রহণ করা অপরিহার্য। আমাদের বিশেষ নজর দিতে হবে শিশু এবং গর্ভবতী মায়েদের পুষ্টির দিকে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই প্রতিটি পরিবার যেন খাদ্যের সঠিক পুষ্টিমান সম্পর্কে জানতে পারে এবং সেই অনুযায়ী খাদ্যাভ্যাস গড়ে তোলে।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। এছাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। ​আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যবিধি মেনে পুষ্টি কার্যক্রম সফল করা ও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow