লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন সালাহ

খেলা ডেস্কঃ
Mar 25, 2026 - 12:05
Mar 25, 2026 - 12:09
লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন সালাহ

দুর্দান্ত নয়টি বছর কাটিয়ে অবশেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষেই ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী এই ক্লাবের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানছেন মিশরীয় এই তারকা ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে সালাহ নিজেই ভক্তদের এই বিদায়ের খবরটি নিশ্চিত করেছেন।

অ্যানফিল্ডের বর্ণিল অধ্যায় শেষে সালাহ ঠিক কোন ক্লাবে পাড়ি জমাবেন, সে বিষয়ে ভিডিও বার্তায় স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তবে গত কয়েক মাস ধরেই ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে, সৌদি প্রো লিগের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার আলোচনা চলছে। এই তারকা ফুটবলারকে দলে ভেড়াতে মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোর পক্ষ থেকে বড় অঙ্কের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও ভবিষ্যৎ গন্তব্যের বিষয়টি নিয়ে সালাহর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

লিভারপুল ছাড়ার ঘোষণায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি সালাহ। বিদায়ী বার্তায় তিনি বলেন, দুর্ভাগ্যবশত বিদায়ের দিনটি চলেই এল। লিভারপুল শহর, এই ক্লাব এবং এখানকার মানুষেরা তার জীবনের এত গভীরে মিশে যাবে, তা তিনি কখনো কল্পনাই করতে পারেননি। সালাহর মতে, লিভারপুল কেবল একটি ফুটবল ক্লাব নয়; এটি একটি আবেগ, ইতিহাস ও চেতনা। ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ক্যারিয়ারের সেরা ও সবচেয়ে কঠিন সময়ে সমর্থকেরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, তা তিনি কখনোই ভুলবেন না। ছেড়ে যাওয়া কঠিন হলেও, লিভারপুল তার এবং তার পরিবারের কাছে চিরকাল নিজের বাড়ি হয়েই থাকবে বলে উল্লেখ করেন এই ফরোয়ার্ড।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই মার্সিসাইডের ক্লাবটির অবিচ্ছেদ্য অংশে পরিণত হন সালাহ। অলরেডদের জার্সিতে তিনি দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি লিগ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছেন। দলগত অর্জনের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও তিনি ছিলেন অনন্য। লিভারপুলের হয়ে ৪৩৫টি ম্যাচ খেলে ২৫৫টি গোল করে তিনি ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসন অলংকৃত করেছেন। এর পাশাপাশি লিগের মৌসুম সেরা ফুটবলার, গোল্ডেন বুট ও সেরা প্লেমেকারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারও নিজের ঝুলিতে পুরেছেন তিনি।

লিভারপুলে সালাহর এই সোনালি অধ্যায়ের সমাপ্তির পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাও প্রভাব ফেলেছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। কয়েক মাস আগে ক্লাবের বর্তমান প্রধান কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্কের বেশ অবনতি ঘটেছিল। সেই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কম জল ঘোলা হয়নি। পরবর্তীতে সেই বিতর্কের ঝড় কিছুটা থামলেও, সালাহ শেষ পর্যন্ত অ্যানফিল্ডে তার গৌরবময় অধ্যায়টি আর দীর্ঘায়িত না করার চূড়ান্ত সিদ্ধান্তই গ্রহণ করলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow