আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজ সোমবার (১৬ মার্চ) দেশব্যাপী ব্যাপক খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের কাজ শুরুর মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হবে। পর্যায়ক্রমে দেশের ৫৪টি জেলায় একযোগে এই খাল খনন কার্যক্রম পরিচালিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রথম ধাপে আগামী ৬ মাসে ১২০০ কিলোমিটার খাল খনন করা হবে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, পরবর্তী ৫ বছরের মধ্যে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন ও পুনর্খনন সম্পন্ন করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, আজ সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন। বেলা সাড়ে ১১টায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনী ফলক উন্মোচন করবেন তিনি। এরপর দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গবাদি পশু (ছাগল) বিতরণ শেষে স্থানীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
দুপুরের পর প্রধানমন্ত্রী ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে গিয়ে তিনি তার নানা-নানি ও খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।
সফরের শেষভাগে বিকেল ৫টায় শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি। এরপর সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকার উদ্দেশে দিনাজপুর ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ