নাজিরপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের বিশেষ সভা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৮ নভেম্বর, ২০২৬ ২:৩৫ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের বিশেষ সভা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ খান।

সভায় গত ১৫ নভেম্বর উপজেলার মালিখালী ইউনিয়নে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির ইউনিয়ন কার্যালয়সহ বেশ কয়েকটি দোকান ও বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা সভায় তুলে ধরেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নিজেদের নানা উদ্বেগ ও সমস্যার কথাও প্রশাসনের সামনে তুলে ধরেন।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক নজরদারি জোরদার করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। 

জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা টিপু হাজরা, মো. রফিকুল ইসলাম ফরাজী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।