নগরকান্দায় বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি নিয়ে প্রশ্ন, হাজিরা খাতা দেখাতে অস্বীকৃতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

স্টাফ রিপোর্টারঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৮:২৯ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি নিয়ে প্রশ্ন, হাজিরা খাতা দেখাতে অস্বীকৃতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৪৯ নম্বর মেঘারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ১৩৫ জন শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানে অনুপস্থিত এক শিক্ষকের ছুটির বিষয়ে কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এমনকি বিষয়টি যাচাইয়ের জন্য হাজিরা খাতা দেখতে চাইলে সাংবাদিকদের তা দেখাতেও সাফ অস্বীকৃতি জানান তিনি।

সোমবার দুপুরে বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে মোট চারজন শিক্ষক কর্মরত রয়েছেন। তবে সরেজমিনে উপস্থিত পাওয়া যায় মাত্র তিনজনকে। অনুপস্থিত একজন নারী শিক্ষকের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতা রানী সরকার দাবি করেন, ওই শিক্ষক ছুটিতে রয়েছেন। তবে ছুটির সপক্ষে তাৎক্ষণিকভাবে কোনো লিখিত আবেদন বা অনুমোদনের কাগজপত্র তিনি প্রদর্শন করতে পারেননি।

পরবর্তীতে উপস্থিতির সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিক প্রসেনজিৎ বিশ্বাস নিজের পরিচয় দিয়ে শিক্ষকদের হাজিরা খাতা দেখতে চান। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতা রানী সরকার তা দেখাতে তীব্র অস্বীকৃতি জানান। তাঁর দাবি, সাংবাদিকদের হাজিরা খাতা দেখার কোনো এখতিয়ার বা অনুমতি নেই। এ বিষয়ে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এদিকে বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখার সময় পূর্ব পাশে যত্রতত্র একাধিক ব্যবহৃত সিগারেটের প্যাকেট ও ধূমপান-সংশ্লিষ্ট বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। একটি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় এমন পরিবেশ দেখে উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টিতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান তদারকিতে চরম ঘাটতি রয়েছে। তদারকির অভাবে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের।

সাংবাদিকদের হাজিরা খাতা দেখতে না দেওয়ার বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম কুমার দাস মুঠোফোনে বলেন, “তথ্য জানার স্বার্থে শিক্ষকদের হাজিরা খাতা দেখার সুযোগ সাংবাদিকদের রয়েছে। বিষয়টি আমি অবগত হয়েছি। পুরো ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সরকারি এ প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষক উপস্থিতির বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।