কাপ্তাইয়ে সুরের ধারা সঙ্গীত নিকেতনের আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপিত

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
১০ অক্টোবর, ২০২৬ ১০:৩৯ এএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে সুরের ধারা সঙ্গীত নিকেতনের আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপিত

“সঙ্গীত হোক আমাদের জীবনের অনুপ্রেরণা”—এই স্লোগানকে ধারণ করে রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’। শুক্রবার (০৯ অক্টোবর) ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপিত হয়।

প্রতিষ্ঠানের সভাপতি প্রদীপ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা এবং অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা। 

অনুষ্ঠানে প্রধান আলোচক ও বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, সাম্যবাদী ও মানবিক চেতনার নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, কবির জীবনদর্শন ও সাহিত্যকর্ম কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং তাঁর চেতনা নতুন প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বলীয়ান হতে পথ দেখায়। একই সঙ্গে সঙ্গীত মানুষের চিত্তকে শুদ্ধ করে জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে চলার অফুরন্ত শক্তি জোগায় বলেও উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরের ধারার উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা অমল বিকাশ তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়শ্রী তঞ্চঙ্গ্যা, শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিথিলা তঞ্চঙ্গ্যা, রাঙ্গুনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী দিগন্ত ধর, সুরের ধারার উপদেষ্টা দয়া রঞ্জন তঞ্চঙ্গ্যা এবং যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের খুদে শিল্পীরা নজরুল সঙ্গীত, বিদ্রোহী ও স্বরচিত কবিতা আবৃত্তি এবং নজরুলের গানের সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

কাপ্তাইয়ের স্থানীয় সাংস্কৃতিক অনুরাগী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ সংস্কৃতি চর্চা এবং জাতীয় কবির বিদ্রোহী ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ আয়োজন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।