সদরপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২ অক্টোবর, ২০২৬ ৩:৪৪ পিএম
শেয়ার করুন:
সদরপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে এক আবাসিক মাদ্রাসাশিক্ষার্থীকে (১৩) বলাৎকারের অভিযোগে মো. মাসুদ (২৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক ওই মাদ্রাসার নাজেরা শাখায় হাফেজ ও মাওলানা হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে সদরপুর থানাধীন চর রায়নগর এলাকার ‘জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা’য়। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার নাজেরা শাখার আবাসিক শিক্ষার্থী। 

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে যৌন নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে তিনি শিশুটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করেন। এ সময় শিশুটি চিৎকার করতে চাইলে অভিযুক্ত শিক্ষক বালিশ দিয়ে তার মুখ চেপে ধরেন এবং ঘটনাটি প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেন। 

পরবর্তীতে গত ১ অক্টোবর মাদ্রাসা বন্ধ থাকায় বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিষয়টি পরিবারের কাছে প্রকাশ পায়। বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর স্বজনরা মাদ্রাসায় এসে অভিযুক্তের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্ত শিক্ষক ঘটনাটির সত্যতা স্বীকার করেন বলে পুলিশকে জানানো হয়। 

এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে মাদ্রাসার সামনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং চরভদ্রাসন থানায় খবর দেন। খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। 

পুলিশ জানায়, ঘটনাস্থলটি চরভদ্রাসন সীমানা সংলগ্ন হলেও মাদ্রাসার অবস্থান ও ভুক্তভোগীর বাড়ি সদরপুর থানা এলাকায় হওয়ায় পরবর্তীতে অভিযুক্তকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়। ২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তাকে সদরপুর থানায় নিয়ে আসা হয়। 

গ্রেপ্তারকৃত মো. মাসুদ খুলনা জেলার ডুমুরিয়া থানার রুদাঘরা শাহাপুর এলাকার মাহবুব গোলাদারের ছেলে। 

সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুর পরিচয় ও নিরাপত্তা সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।