আলফাডাঙ্গায় আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ ঢাকায় গ্রেপ্তার

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২ অক্টোবর, ২০২৬ ৩:৩৮ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ ঢাকায় গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি উকিল শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতিপূর্বে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় গত ২৬ জুন বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে সুমন শেখ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সুমন স্থানীয় চা-দোকানি রবিউল ইসলাম শেখ ওরফে পাইচোর ভাতিজা ছিলেন। সুমন হত্যা মামলায় উকিল শেখ এজাহারভুক্ত আসামি। 

ভাতিজা হত্যার রেশ কাটতে না কাটতেই প্রায় আড়াই মাসের মাথায় গত ১২ সেপ্টেম্বর রাতে ফের হামলার ঘটনা ঘটে। কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে রবিউল ইসলাম শেখসহ কয়েকজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রবিউল। নিহত রবিউল বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে এবং কাশিয়ানী সদর বাজারের একজন চা-দোকানি ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত উকিল শেখের অবস্থান শনাক্ত করা হয়। এরপর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।"

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জোড়া হত্যা মামলার অন্যতম অভিযুক্ত উকিল শেখকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।