ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৭ জনের হামের লক্ষণ, মোট শনাক্ত ৬ হাজারের বেশি

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২ অক্টোবর, ২০২৬ ৩:০০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৭ জনের হামের লক্ষণ, মোট শনাক্ত ৬ হাজারের বেশি

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৫ জনে। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 

শুক্রবার (২ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন। জেলার সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টায় মোট ৯৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ৩২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন; যার মধ্যে ফরিদপুর জেলার ৬২ জন এবং অন্যান্য জেলা থেকে আসা ৭ জন রোগী রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, উপজেলাগুলোর মধ্যে বোয়ালমারীতে সর্বোচ্চ ২৮ জন এবং সালথায় ২৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় জেলায় হামজনিত কারণে কারও মৃত্যু না হলেও বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের জটিলতায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।