মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ ও ছাঁটাই বন্ধের দাবি আতিকুর রহমানের

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২ অক্টোবর, ২০২৬ ৪:০৯ পিএম
শেয়ার করুন:
মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ ও ছাঁটাই বন্ধের দাবি আতিকুর রহমানের

মুদ্রাস্ফীতির সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন বেতন কাঠামো নির্ধারণ এবং অবিলম্বে সব ধরনের শ্রমিক ছাঁটাই বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘অন্যায় যেখানে হবে, প্রতিরোধও গড়ে উঠবে সেখানে। আর শ্রমিকের সমস্যা যেখানে থাকবে, শ্রমিক কল্যাণ ফেডারেশনও পাশে থাকবে সেখানে।’

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশ-২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে খেটে খাওয়া সাধারণ শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। এর ওপর বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গত সাত মাসে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অবস্থাতেই অযৌক্তিক শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না।

জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রায় তিন শতাধিক শ্রমিক শাহাদাতবরণ করেছেন। দেশের যেকোনো জাতীয় সংকট ও গণতান্ত্রিক সংগ্রামে শ্রমিকদের ভূমিকা অগ্রগণ্য হলেও আজ তাদেরই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা বা অসচেতনতার কারণে কর্মক্ষেত্রে যেন কোনো শ্রমিকের অকালমৃত্যু না ঘটে, সেজন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান তিনি।

গার্মেন্টস খাতের বাস্তব চিত্র তুলে ধরে ফেডারেশন সভাপতি বলেন, দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের ঘামে মালিকদের সম্পদের পাহাড় গড়ে উঠলেও শ্রমিকদের জীবনমানের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। এখনও তারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার এবং তাদের সন্তানরা উচ্চশিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত।

তিনি আরও উল্লেখ করেন, প্রচলিত ব্যবস্থা বা ট্রেড ইউনিয়নভিত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার পালাবদল হলেও শ্রমিকদের স্থায়ী মুক্তি আসেনি। মালিক-শ্রমিকের ভারসাম্যপূর্ণ অধিকার নিশ্চিত করতে ‘ইসলামী শ্রমনীতি’ বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি খন্দকার ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ জামালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ, অঞ্চল সহকারী আব্দুর রব, পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মো. জহিরুল হক ও আব্দুর রাজ্জাক শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।