ঘুষ না পেয়ে ট্রাকের ব্যাটারি খোলার অভিযোগ: মাদারীপুরে এসআইসহ দুই পুলিশ সদস্য প্রত্যাহার

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
২ অক্টোবর, ২০২৬ ৩:৫৯ পিএম
শেয়ার করুন:
ঘুষ না পেয়ে ট্রাকের ব্যাটারি খোলার অভিযোগ: মাদারীপুরে এসআইসহ দুই পুলিশ সদস্য প্রত্যাহার

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের বিরুদ্ধে এক ট্রাকচালকের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি এবং টাকা না পেয়ে ট্রাকের ব্যাটারি খুলে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তফাপুর হাইওয়ে থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—মোস্তফাপুর হাইওয়ে থানার এসআই আনোয়ারুল ইসলাম এবং কনস্টেবল মো. সজীব হোসেন। প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে তাঁদের থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের ফরিদপুর রিজনে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাসড়কে দায়িত্ব পালনকালে ওই দুই পুলিশ সদস্য একটি ট্রাক থামিয়ে চালকের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। ট্রাকচালক ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাঁরা গাড়িটির ব্যাটারি খুলে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় হাইওয়ে পুলিশ প্রশাসন। 

তবে ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে জানিয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্তের পর ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত হয়ে তাঁদের বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।