কালকিনিতে মাদকবিরোধী সমাবেশ: তরুণ প্রজন্ম রক্ষায় সম্মিলিত প্রতিরোধের আহ্বান

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
৩ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ এএম
শেয়ার করুন:
কালকিনিতে মাদকবিরোধী সমাবেশ: তরুণ প্রজন্ম রক্ষায় সম্মিলিত প্রতিরোধের আহ্বান

মাদারীপুরের কালকিনিতে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন ‘জাগ্রত শশিরচর’-এর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে ‘কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’।

সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে বর্তমান সময়ে তরুণদের সর্বনাশা অনলাইন জুয়া ও ডিজিটাল আসক্তি থেকে ফিরিয়ে আনতে ঘরে ঘরে সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন তারা।

স্নানঘাটা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আজগর তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের বিপুলসংখ্যক সচেতন নাগরিক অংশ নেন। 

অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক সালাউদ্দিন মাহমুদ বলেন, “মাদক নির্মূলে প্রথম ও প্রধান ভূমিকা রাখতে হবে পরিবারকেই। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে। তরুণ সমাজকে অন্ধকারের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

স্নানঘাটা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক মুস্তাফিজুর রহমান রুপম প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমাদের এলাকায় মাদকের কোনো ঠাঁই হবে না। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং যেকোনো মূল্যে এলাকায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—পলাশ, সাগর, গিয়াস উদ্দিন, রফি তালুকদার, ফিরোজ এমরান, মুজিবুর রহমান, আবুল কালাম ও রফিকুল ইসলাম। এছাড়া মাওলানা ফেরদৌস ও নেছার উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সুন্দর পথে পরিচালিত করতে এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।