চলন্ত বাসে শিশুর জন্ম, নাম রাখা হলো বাসের নামে ‘আনাস হাসান’

অনলাইন ডেস্কঃ
১ অক্টোবর, ২০২৬ ৬:০৬ পিএম
শেয়ার করুন:
চলন্ত বাসে শিশুর জন্ম, নাম রাখা হলো বাসের নামে ‘আনাস হাসান’

ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’-এর একটি চলন্ত বাসে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮) নামের এক অন্তঃসত্ত্বা নারী। এই ব্যতিক্রমী ঘটনার পর বাসটির নামের সঙ্গে মিলিয়ে নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। শুধু তা-ই নয়, নবজাতকের জন্য আজীবন বাসে বিনামূল্যে ভ্রমণের অনন্য এক ঘোষণাও দিয়েছে বাস কর্তৃপক্ষ। 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রসূতি আবিদা বেগম ঢাকার জিরানী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্তান প্রসবের সম্ভাব্য সময় আরও প্রায় ২০ দিন বাকি থাকায় বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে আনাস এন্টারপ্রাইজের একটি নৈশকোচে ওঠেন তিনি।

বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আবিদার প্রসববেদনা শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে বাসের চালক ও সহকারীরা গাড়িটি রাস্তার পাশে থামান। পরে বাসে থাকা এক যাত্রীর (ধাত্রী) তাৎক্ষণিক সহায়তায় বাসের ভেতরেই নিরাপদে সন্তান প্রসব করানো হয়। মা ও নবজাতক দুজনই সুস্থ থাকায় বাসের ভেতরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। খুশিতে সুপারভাইজার মজনু মিয়া বাসের অন্য সব যাত্রীদের মিষ্টিমুখ করান। এরপর বাসটি ধীরগতিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

বাসের ভেতরে জন্ম নেওয়া এই নবজাতককে নিয়ে এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ। বাসের নামের সঙ্গে স্মৃতি জড়িয়ে রাখতে পরিবারের সদস্যরা শিশুটির নাম রেখেছেন ‘আনাস হাসান’। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই শিশুটিকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন স্বজন ও এলাকাবাসী।

এদিকে ঘটনাটি জানার পর মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে আনাস এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব দিপু ঘোষণা দিয়েছেন, শিশুটি বড় হয়ে তাদের বাসে আজীবন বিনামূল্যে যাতায়াত করতে পারবে। এছাড়া শিশুটি সাবালক না হওয়া পর্যন্ত তার মা-ও বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসের সুপারভাইজার মজনু মিয়া শিশুটির বাড়িতে গিয়ে একটি দোলনা, বেবি বেড, মশারি ও প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেন।

নবজাতকের নানা আবেদ আলী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “চিকিৎসকের হিসাব অনুযায়ী প্রসবের সময় আরও বাকি ছিল। কিন্তু পথেই আল্লাহর রহমতে নাতির জন্ম হয়। বর্তমানে মেয়ে ও নাতি দুজনেই সুস্থ রয়েছে। বাসে জন্ম নেওয়ার কারণেই আমরা সবাই মিলে ওর নাম রেখেছি ‘আনাস হাসান’।”

এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, “চলন্ত বাসে সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন তৈরি করেছে। সবচেয়ে বড় কথা মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে। বাস কর্তৃপক্ষের উপহার ও আজীবন ফ্রি ভ্রমণের উদ্যোগটিও প্রশংসনীয়। আমরা মা ও শিশুর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।