এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, প্রথিতযশা গবেষক ও সাহিত্যিক, সাবেক সংসদ সদস্য এবং ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর ৩৯তম ওফাতবার্ষিকী আজ ১ অক্টোবর (বুধবার)। ১৯৮৭ সালের এই দিনে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে তিনি পরলোকগমন করেন।
নবুওতি ধারার ইসলামী আন্দোলনের একনিষ্ঠ দিশারি ও দূরদর্শী এই রাজনীতিক তাঁর কর্মমুখর জীবনের মাধ্যমে এ দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন।
জন্ম ও শিক্ষাজীবন:
মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.) ১৯১৮ সালের ২ মার্চ পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৮ সালে ছারছীনা আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে আলিম এবং ১৯৪০ সালে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন। এরপর ১৯৪২ সালে একই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণিতে টাইটেল (কামিল) সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কলকাতা মাদ্রাসায় পবিত্র কুরআন ও হাদিসের ওপর উচ্চতর গবেষণায় নিয়োজিত ছিলেন তিনি।
কর্মজীবন ও সাংবাদিকতা:
১৯৪৫ সালে বরিশালের নাজিরপুরস্থ রঘুনাথপুর হাই মাদ্রাসায় ‘হেড মওলানা’ হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৪৭-’৪৮ সালে তিনি কাউখালীর কেউন্দিয়া হাই মাদ্রাসায় একই দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর ১৯৪৮-’৪৯ সালে পাকিস্তানের ‘আদর্শ প্রস্তাব’ (Objective Resolution) আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৪৯-’৫০ সালে বরিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘তানজীম’ পত্রিকা সম্পাদনা করেন। পরবর্তীতে ১৯৫৬ সালে সাপ্তাহিক ‘জাহানে নও’ প্রকাশ ও পরিচালনা করেন এবং ১৯৫৯-’৬০ সালে ‘দৈনিক নাজাত’-এর জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক নেতৃত্ব ও আন্তর্জাতিক পরিমণ্ডল:
রাজনৈতিক ময়দানে তিনি ছিলেন এক অকুতোভয় ও সুদূরপ্রসারী নেতা। ১৯৫৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭৬ সালে তিনি ইসলামিক ডেমোক্রেটিক লীগ (আইডিএল) প্রতিষ্ঠা করেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে আইডিএল পার্লামেন্টারি গ্রুপের নেতা হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৮৪ সালের ৩০ নভেম্বর তিনি ‘ইসলামী ঐক্য আন্দোলন’ প্রতিষ্ঠা করেন এবং আমৃত্যু দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
জাতীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অত্যন্ত গৌরবের সাথে। ১৯৭৭ সালে সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম বিশ্ব ইসলামী শিক্ষা সম্মেলন এবং মক্কায় ‘রাবেতা আল-আলম আল-ইসলামী’র সম্মেলনে যোগদান করেন। ১৯৭৮ সালে কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় ইসলামী দাওয়াত সম্মেলনে এবং একই বছর করাচীতে অনুষ্ঠিত প্রথম এশীয় ইসলামী সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। এছাড়া ১৯৮০ সালে কলম্বোয় অনুষ্ঠিত আন্তঃপার্লামেন্টারি সম্মেলনেও তিনি অংশগ্রহণ করেন। ইসলামী চিন্তাধারায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ইসলামিক ফাউন্ডেশন গবেষণাকর্ম পুরস্কারে ভূষিত হন।
সাহিত্যকর্ম ও জ্ঞানচর্চা:
মওলানা আবদুর রহীম (রহ.) কেবল রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন একজন উচ্চমানের সাহিত্যিক ও তাত্ত্বিক গবেষক। তাঁর রচিত শতাধিক মৌলিক ও অনুবাদ গ্রন্থ এ দেশের ইসলামী সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তাঁর কালজয়ী গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘পরিবার ও পারিবারিক জীবন’, ‘ইসলামে অর্থনীতি’, ‘ইসলামে জিহাদ’, ‘সুন্নাত ও বিদআত’*, ‘আল কোরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ’, ‘আল কোরআনে শিরক ও তাওহীদ’, ‘আল কোরআনে রাষ্ট্র ও সরকার’, ‘হাদীস সঙ্কলনের ইতিহাস’, ‘ইসলামে হালাল হারামের বিধান’, ‘যাকাত বিধান’ এবং ‘আহকামুল কোরআন’ প্রভৃতি।
ইসলামী সমাজ বিনির্মাণ, জ্ঞানচর্চা ও রাজনৈতিক সংস্কারে তাঁর এই বর্ণাঢ্য অবদান উপমহাদেশের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ওফাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
জুলাই ১১, ২০২৫
মার্চ ১৩, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।