আগৈলঝাড়ায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১ অক্টোবর, ২০২৬ ১১:১৮ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব করার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক)’ প্রকল্পের আওতায় ‘কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে এবং এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারের সঞ্চালনায় কর্মশালায় মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন বেটস-এর জিআইএস অ্যানালিস্ট ধরনী চাকমা। 

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মান্নান মিয়া এবং ইউপি সচিব গৌতম পাল ও সাধন চন্দ্র হালদার প্রমুখ।

কর্মশালায় বক্তারা জানান, স্থানীয় জনগণের নিরাপদ যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং গ্রামীণ ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। 

প্রকল্পের আওতায় সড়কের অগ্রাধিকার নির্ধারণে সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, সড়কের বর্তমান অবস্থা এবং যানবাহন চলাচলের পরিমাণকে প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গ্রোথ সেন্টার (হাট-বাজার), প্রশাসনিক স্থাপনা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগের বিষয়গুলোও জিআইএস ম্যাপিং ও মূল্যায়নের অন্তর্ভুক্ত করা হয়েছে। 

কর্মশালায় আরও জানানো হয়, প্রাথমিকভাবে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ককে ‘কোর রোড নেটওয়ার্ক’-এর আওতায় এনে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করা হয়েছে। মূলত আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর তথ্যভাণ্ডার গড়ে তুলে ভবিষ্যৎ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজকে আরও কার্যকর ও টেকসই করতেই এই উদ্যোগ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।