আগৈলঝাড়ায় পরিবেশবান্ধব কৃষি ও কেঁচো সার ব্যবহারে সচেতনতামূলক কর্মসূচি

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪১ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় পরিবেশবান্ধব কৃষি ও কেঁচো সার ব্যবহারে সচেতনতামূলক কর্মসূচি

বরিশালের আগৈলঝাড়ায় পরিবেশবান্ধব কৃষি চর্চা এবং ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ ও সচেতন করতে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা এলাকার প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কারিতাস বাংলাদেশের ‘ধরিত্রী’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনে ছিল আলোচনা সভা, মাল্টিমিডিয়া প্রদর্শনী, লোকসংগীত ও পথনাটক। 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম মাসুম ও যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী প্রকল্পের উপজেলা ইনচার্জ এডওয়ার্ড অন্ত রায়। 

আলোচনা সভায় বক্তারা ‘ধরিত্রী’ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, মাটির উর্বরতা রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে রাসায়নিকের পরিবর্তে ভার্মি কম্পোস্টের ব্যবহার অত্যন্ত জরুরি। সভায় কেঁচো সার উৎপাদন পদ্ধতি, জমিতে এর ব্যবহারিক উপকারিতা, জৈব পদ্ধতিতে চাষাবাদ এবং উৎপাদিত সার বাজারজাতকরণের বিভিন্ন কৌশল ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

আলোচনা সভা শেষে ভার্মি কম্পোস্টের ব্যবহার, প্রকল্পের সফল উপকারভোগীদের অভিজ্ঞতা ও স্থানীয় সার ডিলারদের সাক্ষাৎকার সংবলিত একটি তথ্যবহুল মাল্টিমিডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্থানীয় কৃষকদের সহজে বার্তাটি পৌঁছে দিতে লোকসংগীত ও একটি শিক্ষণীয় পথনাটক পরিবেশন করা হয়। 

অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সার ডিলার ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরিশেষে সভাপতি মৃণাল কান্তি রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।