এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফিফা বিশ্বকাপে দেশের হয়ে খেলার স্বপ্নই ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু চোটের নির্মম আঘাতে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন জাপানের অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো। উত্তর আমেরিকায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে তাঁর এই অবসরের ঘোষণা জাপানি ফুটবলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করেছে।
আসন্ন বিশ্বকাপে আগামী রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ‘সামুরাই ব্লু’ খ্যাত জাপান। তবে মাঠের লড়াইয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ সেনানি এন্দোকে ছাড়াই নামতে হবে তাদের। ৩৩ বছর বয়সী এই লিভারপুল তারকা পায়ের চোট থেকে যথাসময়ে পুরোপুরি সেরে উঠতে না পারায় শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে ছিটকে যান। আর এর পরপরই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন এন্দো। এই চোটের কারণে মৌসুমের বাকি সময়টা তাঁকে মাঠের বাইরেই কাটাতে হয়। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে ফিরলেও অস্বস্তি অনুভব করায় দ্বিতীয়ার্ধে আর খেলা চালিয়ে যেতে পারেননি।
তবুও বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি জাপানি অধিনায়ক। গত সোমবার ন্যাশভিলে দলের বেস ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মেডিকেল পরীক্ষায় পুরোপুরি ফিট প্রমাণিত না হওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে তাঁর জায়গা হয়নি।
অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এন্দো লিখেছেন, “ভবিষ্যতে এমন একটি দিন অবশ্যই আসবে, যখন জাপান বিশ্বকাপ জয় করবে। এই বিশ্বাস নিয়েই সবাইকে জাতীয় দলকে সমর্থন দিয়ে যেতে হবে। আমি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবেই জাপানের পাশে থাকব।”
বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, “ইনজুরি কাটিয়ে সুস্থ হওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, তাই কোনো অনুশোচনা নেই। তবে বিশ্বকাপে খেলতে না পারাটা নিঃসন্দেহে অত্যন্ত কষ্টের। সব ছাড়িয়ে, কাতার বিশ্বকাপে এই দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। আমরা দলে এমন একটি মানসিকতা গড়ে তুলতে পেরেছিলাম, যেখানে বিশ্বকাপ জয়কেই মূল লক্ষ্য হিসেবে দেখা হয়।”
২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে জাপানের মিডফিল্ডের অন্যতম প্রধান ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন ওয়াতারু এন্দো। দেশের হয়ে ৭৩টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন তিনি। ২০১৮ ও ২০২২ সালের টানা দুটি বিশ্বকাপে জাপানের হয়ে মাঠ কাঁপিয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার। বিশেষ করে ২০২২ সালের কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্ব ফুটবলে যে আলোড়ন সৃষ্টি করেছিল জাপান, সেই অভিযানে দলের নেপথ্য নায়ক ও অধিনায়ক ছিলেন এন্দো।
আসন্ন ২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে জাপানকে লড়তে হবে নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। তবে এবারের কঠিন অভিযানে ডাগআউট কিংবা সবুজ মাঠে নয়, গ্যালারিতে বসে সাধারণ সমর্থক হিসেবেই দলের হয়ে গলা ফাটাবেন বিদায়ী অধিনায়ক ওয়াতারু এন্দো।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
ফুটবল | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
বিনোদন | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।