এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ড্রোন হামলায় মো. জাহাঙ্গীর হোসাইন (২৭) নামের আরও এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল-বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
গত ১৮ মে ইউক্রেন সীমান্ত সংলগ্ন রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের আর্তনাদ
শুক্রবার (২২ মে) বিকেলে জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা জাকিয়া বেগম। কান্নজড়িত কণ্ঠে তিনি আহাজারি করে বলেন, "আমি আর কিছু চাই না। টাকা-পয়সা লাগবে না, আমার ছেলেটারে শুধু ফেরত চাই।"
পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর এসএসসি পাসের পর বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছিলেন। সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চার মাস আগে শ্বশুরবাড়ির সহায়তায় তিনি রাশিয়ায় পাড়ি জমান। শুরুতে একটি পিগ ফার্মে কাজ দেওয়া হলেও পরে রেস্টুরেন্টে চাকরির প্রলোভন দেখিয়ে তাকেসহ সাতজনকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সেখানে জোরপূর্বক প্রশিক্ষণ দিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।
সহকর্মীর ভিডিও বার্তায় দুঃসংবাদ
জাহাঙ্গীরের ছোট ভাই জাভেদ জানান, রাশিয়ার সেনা ক্যাম্পে কর্মরত জাহাঙ্গীরের বন্ধু মৃদুল শুক্রবার দুপুরে ভিডিও বার্তার মাধ্যমে মৃত্যুর খবরটি জানান। মৃদুল জানান, ড্রোন হামলায় জাহাঙ্গীরসহ মোট তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত অপর দুজন হলেন মাদারীপুরের মো. সুরুজ কাজী ও কুমিল্লার মো. ইউসুফ খান। তাদের মরদেহ এখনো যুদ্ধক্ষেত্রেই পড়ে রয়েছে।
জাহাঙ্গীরের আড়াই বছরের শিশুপুত্র আজানকে কোলে নিয়ে তার স্ত্রী মাশুকা হোসাইন বলেন, "ভাগ্যের পরিবর্তন করতে সে রাশিয়া গিয়েছিল। কিন্তু তাকে যুদ্ধে পাঠিয়ে আমাদের পুরো পরিবারকে শেষ করে দেওয়া হলো।"
স্থানীয় প্রশাসনের ভাষ্য
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, অফিশিয়ালি কোনো তথ্য না এলেও জাহাঙ্গীরের পরিবারের কাছ থেকে তারা মৃত্যুর খবরটি পেয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ২ মে একই উপজেলার রিয়াদ রশিদ নামের আরেক যুবক রুশ বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়ে ড্রোন হামলায় নিহত হয়েছিলেন। একের পর এক এভাবে বাংলাদেশি যুবকদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।