আত্রাইয়ে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন: ‘মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ্য করা হবে না’
নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের প্রধান লক্ষ্য হলো প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য সরাসরি পান। এই সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। প্রকৃত কৃষকরা যাতে হয়রানিমুক্ত পরিবেশে গুদামে ধান দিতে পারেন, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে।"
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, "আমরা শতভাগ স্বচ্ছতার সাথে ধান-চাল সংগ্রহ করতে বদ্ধপরিকর। সরকারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ধান পরীক্ষা করে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। কোনো সিন্ডিকেট বা অসাধু চক্র যাতে কৃষকদের অধিকার খর্ব করতে না পারে, সেজন্য আমাদের টিম সার্বক্ষণিক তদারকি করবে।"
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ১ হাজার ৯৫৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন। এছাড়াও চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ১৬৩ মেট্রিক টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৭১ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। গত ৩রা মে থেকে শুরু হওয়া এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়মত আলী বাবু, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনোয়ার হোসেন লোটাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ