আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবার সর্বস্বান্ত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৬ এপ্রিল, ২০২৬ ৩:৫১ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবার সর্বস্বান্ত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আরিফ সরদার, আওয়াল সরদার ও মান্নান সরদারের পরিবার মুহূর্তেই সর্বস্বান্ত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও আগুন ততক্ষণে ভয়াবহ রূপ নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হতে পারলেও তাদের চোখের সামনেই পুড়ে যায় জীবনের সমস্ত সঞ্চয়, স্বপ্ন আর আশ্রয়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আগুনের তীব্রতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় সবকিছু হারিয়ে তারা এখন দিশেহারা।

ঘটনার খবর পেয়ে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, এনায়েত হোসেন খান মনু, আবুল হোসেন মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা অত্যন্ত জরুরি। তা না হলে এই অসহায় মানুষগুলোর পক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। এলাকাবাসী দ্রুত পুনর্বাসন ও জরুরি সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।