যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে ট্রফি ঘরে তুলেছে বাংলাদেশ। তবে সিরিজ জয়ের আনন্দের মাঝেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ওপেনার সৌম্য সরকারের একাদশে জায়গা না পাওয়ার বিষয়টি। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে সৌম্যকে বাইরে রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ পূজা।
ফেসবুকে দেওয়া এক রহস্যময় পোস্টে তিনি লিখেছেন, ‘পৃথিবীটা নিষ্ঠুর।’ সেই পোস্টে তিনি আরও যোগ করেন, ‘কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সবসময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।’
সৌম্যর স্ত্রীর এমন তীর্যক মন্তব্য ঘিরে যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, ঠিক তখনই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেন। মিরাজ জানান, সৌম্যর ফর্মের কথা চিন্তা করেই টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।
অধিনায়ক বলেন, ‘সৌম্য গত সিরিজে ভালো খেলেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে সে ছন্দে ছিল না। আমরা চেয়েছি প্রতিটি খেলোয়াড়কে পর্যাপ্ত সুযোগ দিতে। আমাদের পরিকল্পনা ছিল, সৌম্যর বদলে এবার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে ওপেনিংয়ে সুযোগ দিয়ে দেখা।’
ভবিষ্যতে সৌম্যর দলে ফেরার নিশ্চয়তা দিয়ে মিরাজ আরও বলেন, ‘আমরা চাচ্ছি একজন ব্যাটারকে অন্তত ৩-৪টি ম্যাচ খেলার সুযোগ দিতে, যাতে সে নিজের ছন্দ ফিরে পাওয়ার সুযোগ পায়। সৌম্য যখন আবার ফিরবে, তাকেও আমরা সেই পর্যাপ্ত সুযোগ দেব। এমন নয় যে এক ম্যাচ খেললেই তাকে বাদ দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ওয়ানডে সিরিজে সৌম্য সরকারের অফ-ফর্মের কারণেই তাকে একাদশের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে স্ত্রীর এমন মন্তব্যে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ