পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর

অনলাইন ডেস্কঃ
১৫ মার্চ, ২০২৬ ১১:৩৬ এএম
শেয়ার করুন:
পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর

পবিত্র ঈদুল ফিতর এবং চলমান বোরো মৌসুমকে সামনে রেখে সাধারণ গ্রাহক ও পরিবহন মালিকদের জন্য স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এখন থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল বিক্রিতে চলমান রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঈদ ও কৃষি খাতের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে সব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। আজ (রোববার) থেকেই দেশের সকল ফিলিং স্টেশনে স্বাভাবিক নিয়মে জ্বালানি সরবরাহ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে সাধারণ গ্রাহকরা এখন থেকে তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

সরকারের এই সিদ্ধান্তের পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সম্প্রতি বেশ কিছু তেলের চালান বা জাহাজ দেশে পৌঁছেছে। এছাড়া সামনে পবিত্র ঈদুল ফিতর এবং বর্তমানে বোরো মৌসুম চলায় কৃষি কাজে জ্বালানির চাহিদা বেড়েছে—এই পরিস্থিতিগুলো বিবেচনায় নিয়েই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির যে গুঞ্জন ছড়িয়েছে, তা নিয়ে জনগণের উদ্বেগের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তেলের দাম বাড়বে কি না—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকাটা স্বাভাবিক। তবে সরকার এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বর্তমান পর্যায়েই অপরিবর্তিত রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সরকারের এই সিদ্ধান্তে পরিবহন মালিক, চালক এবং সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।