ফরিদপুরে হাম সন্দেহে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি, মোট আক্রান্ত ৬,৫৭৮

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৯ অক্টোবর, ২০২৬ ২:৩৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে হাম সন্দেহে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি, মোট আক্রান্ত ৬,৫৭৮

ফরিদপুরে হাম সন্দেহে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২০ জন ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার এবং বাকি চারজন পার্শ্ববর্তী অন্যান্য জেলার বাসিন্দা। তবে এ সময়ে রোগটিতে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন; যার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২৮ জন এবং জেনারেল হাসপাতাল থেকে ১১ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে জেলার এই দুটি সরকারি হাসপাতালে হাম সন্দেহে মোট ১১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন এবং জেনারেল হাসপাতালে ১৮ জন ভর্তি আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ফরিদপুরে হাম সন্দেহে মোট ৬ হাজার ৫৭৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে উপসর্গ নিয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে পাওয়া উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বোয়ালমারীতে ২৮ জন ও সালথায় ২৩ জন রয়েছেন। এছাড়া চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জনের তথ্য পাওয়া গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।