বারমুডা থেকে বোস্টনগামী মেডিকেল বিমান বিধ্বস্ত: সমুদ্রে মিলল ধ্বংসাবশেষ, নিখোঁজ ৬ আরোহী

অনলাইন ডেস্কঃ
৪ অক্টোবর, ২০২৬ ১:২৮ পিএম
শেয়ার করুন:
বারমুডা থেকে বোস্টনগামী মেডিকেল বিমান বিধ্বস্ত: সমুদ্রে মিলল ধ্বংসাবশেষ, নিখোঁজ ৬ আরোহী

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ছয়জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ন্যান্টাকেট দ্বীপের উপকূলবর্তী সমুদ্রসীমায় ধ্বংসাবশেষটি শনাক্ত করে মার্কিন কোস্ট গার্ড। তবে বিমানে থাকা ছয় আরোহীর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের সন্ধানে সমুদ্রে ব্যাপক উদ্ধার অভিযান চলছে।

নিখোঁজ বিমানটিতে চারজন কানাডার নাগরিক এবং দুজন বারমুডার বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন দুজন কানাডীয় পাইলট, দুজন কানাডীয় চিকিৎসাকর্মী এবং বারমুডার এক রোগী ও তাঁর এক স্বজন। রোগীটিকে উন্নত চিকিৎসার জন্য বোস্টনে নিয়ে যাওয়া হচ্ছিল।

‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেস’-এর মালিকানাধীন গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটি শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে উড্ডয়ন করে। ফ্লাইটটির রাত ১টার কিছু পরে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবতরণের আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডার থেকে অদৃশ্য হওয়ার কিছুক্ষণ আগে বিমানটি অস্বাভাবিকভাবে দ্রুত নিচে নামতে শুরু করে; মাত্র অল্প সময়ের ব্যবধানে বিমানটির উচ্চতা প্রায় ২৪ হাজার ফুট থেকে ১১ হাজার ফুটে নেমে আসে। 

একপর্যায়ে বিমানের পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ডিসপ্যাচারদের জানান যে বিমানে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই মার্কিন কোস্ট গার্ড দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে ন্যান্টাকেট দ্বীপের অদূরে সমুদ্রে বিমানটির কিছু ধ্বংসাবশেষ ভাসতে দেখা যায়। ধ্বংসাবশেষ পাওয়ার পর নিখোঁজ ছয়জনের সন্ধানে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। 

উদ্ধার তৎপরতায় কোস্ট গার্ডের নৌযানের পাশাপাশি বিশেষ হেলিকপ্টার ও উড়োজাহাজ ব্যবহার করে রাতভর তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজ আরোহীদের পরিবারকেও বিষয়টি অবহিত করা হয়েছে। তবে বিমানটির ধ্বংসাবশেষ মিললেও আরোহীদের জীবিত কিংবা মৃত কোনো অবস্থাতেই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান সমাপ্ত না হওয়া পর্যন্ত তাদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।