বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে: অর্থ উপদেষ্টা

ইমরান মুন্সী (ভাঙ্গা) ফরিদপুর প্রতিনিধিঃ
৪ অক্টোবর, ২০২৬ ১১:০৭ এএম
শেয়ার করুন:
বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে: অর্থ উপদেষ্টা

তারেক রহমানের অর্থনৈতিক রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ‘এক ট্রিলিয়ন ডলারের’ অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। এই লক্ষ্য অর্জনে দেশকে একটি শক্তিশালী ‘ম্যানুফ্যাকচারিং হাবে’ পরিণত করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যা বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতির ভিতকে আরও সুদৃঢ় করবে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর ও সংকটগ্রস্ত অর্থনীতি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ ঋণখেলাপির তালিকায় বৈশ্বিক পর্যায়ে শীর্ষে অবস্থান করছে, এমনকি জনপ্রতিনিধিদের মধ্যেও অনেকের নাম খেলাপি তালিকায় রয়েছে।” 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের এমন সংকটময় পরিস্থিতিতে জনগণ বিএনপির ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছে। অতীতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বড় বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল।

ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, দুর্ভিক্ষ ও বৈশ্বিক তেল সংকটের মতো চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবিলা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মধ্যপ্রাচ্যসহ বিশ্ববাজারে জনশক্তি রপ্তানির দ্বার উন্মোচন করে রেমিট্যান্সের নতুন দিগন্ত উন্মোচন করেন। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্ত অবস্থান তৈরি করে, যার ফলে দেশের অর্থনীতিতে নারীদের আনুষ্ঠানিক কাজের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়।

ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার কথা উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনমুখী শিল্পের বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। দেশে উৎপাদন বাড়লে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, বিনিয়োগ সম্প্রসারিত হবে এবং সার্বিক অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।”

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।